প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৪১ এএম
নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে জিহাদ মোল্যা (২৭)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ওই পাম্পে রাতে ডিজেল নিতে আসেন এক ট্রাকচালক ও তার সহযোগী। কিন্তু তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ব্যবস্থাপক নাহিদ সরদার তাদের তেল দিতে অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ট্রাকচালক প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেন। কিছুক্ষণ পর কাজ শেষে নাহিদ ও তার সহকর্মী মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে অল্প দূরত্বে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত ট্রাকচালক ও তার সহযোগী ট্রাকসহ পালিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরেই এলাকায় তেলের তীব্র সংকট চলছে। সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে নিয়মিত।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



