রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে লোহাগড়ায় জনসচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৪:১৪ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনে লোহাগড়ায় জনসচেতনতামূলক সভা

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ নম্বর জয়পুর ইউনিয়নের সি.ডি. স্কুল মাঠে “মাদককে না বলি” শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যাম খালাসী। এতে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তব্যকালে লায়ন মো. নুর ইসলাম প্রতিটি গ্রামে মাদকবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় নজরদারি করবেন এবং কোথাও মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা মাসিক সভায় উপস্থাপন করবেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

এ সময় তিনি মাসিক সভার ব্যয়ভার বহনের দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন। অনুষ্ঠানের বক্তারা মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সামাজিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারভেজ মোল্লা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!