প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:৪৭ এএম
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বেসরকারি মাতৃসেবা ক্লিনিকে ভুল চিকিৎসা ও চরম অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ক্লিনিকটি সিলগালা করেছে।
পরিবারের অভিযোগ, শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরপরই নাঈমা আক্তার লিজার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর থেকেই তার অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দেয়। বিষয়টি একাধিকবার জানানো হলেও কর্তৃপক্ষ তা গুরুত্ব দেয়নি বলে দাবি স্বজনদের।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পথে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ছড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। তবে অভিযানের আগেই ক্লিনিকের চিকিৎসক, নার্স ও কর্মীরা পালিয়ে যান।
প্রশাসন জানিয়েছে, নিয়ম লঙ্ঘন ও অব্যবস্থাপনার প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিবার অভিযোগ করেছে, চিকিৎসকদের গাফিলতিই এই মৃত্যুর জন্য দায়ী। বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।



