প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:০৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংকটও বেড়ে গেছে, ফলে জেলাজুড়ে দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে। বিষয়টি স্থানীয় পর্যায়ের কোনো সিদ্ধান্ত নয়, বরং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সরবরাহ বণ্টন করা হয়।
জেলা বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট গ্রাহক সংখ্যা পাঁচ লাখেরও বেশি। এর মধ্যে এক লাখের বেশি নেসকোর এবং প্রায় তিন লাখ ষাট হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক। মধ্য এপ্রিলের সময়ে জেলায় দৈনিক চাহিদা থাকে প্রায় ১৬৫ মেগাওয়াট পর্যন্ত, কিন্তু সে অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না।
নেসকো কর্মকর্তারা জানান, কোথাও কোথাও ৩০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ থাকায় এ সময়েই বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। কখনো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের।
তারা আরও জানান, সরবরাহ কমে গেলে ফিডারভিত্তিক লোড ম্যানেজমেন্ট করা হয়। তবে কখনো রক্ষণাবেক্ষণ বা আবহাওয়াজনিত কারণেও সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখতে হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মৌসুমে কোথাও কোথাও ৪০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে এ সমস্যা কমে আসবে বলে আশা করা হচ্ছে।



