রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তেলের দাম সমন্বয়ে সন্তোষ প্রকাশ পাম্প মালিকদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:১৩ এএম

তেলের দাম সমন্বয়ে সন্তোষ প্রকাশ পাম্প মালিকদের

ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে তেলের দাম সমন্বয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করায় বাজারে কৃত্রিম সংকট ও মজুদ প্রবণতা কমবে। এর ফলে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মীর আহসান উদ্দিন পারভেজ আরও বলেন, এই পদক্ষেপের ফলে জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা বাড়বে এবং সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে। এতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।

তিনি ভবিষ্যতেও জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের এমন বাস্তবমুখী পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, যা ১৮ টাকা বৃদ্ধি। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, এতে লিটারে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৯ টাকা বৃদ্ধি পেয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!