প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:০৫ পিএম
অপরিশোধিত তেলের সরবরাহ সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
ইআরএল সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে জমে থাকা প্রায় পাঁচ হাজার টন তেল এবং ট্যাংকের তলানিতে থাকা অবশিষ্ট অপরিশোধিত তেল ব্যবহার করে সর্বশেষ পরিশোধন কার্যক্রম চালানো হয়।
প্রতিষ্ঠানটি সাধারণত দৈনিক গড়ে চার হাজার পাঁচশ টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে গত মাস থেকে সরবরাহ সংকটের কারণে তা কমিয়ে দৈনিক তিন হাজার পাঁচশ টনে নামিয়ে আনা হয়। বর্তমানে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত দুই হাজার টনের নিচে নেমে গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার বড় অংশ ডিজেল ও অপরিশোধিত তেল। এসব অপরিশোধিত তেলের একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ইআরএলে পরিশোধন করা হয়।
অপরদিকে সংশ্লিষ্টরা জানান, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।



