প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:১২ এএম
কক্সবাজারের রামুতে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত রুস্তম আলী ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে তিনি ঈদগাঁও থেকে ঈদগড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে সশস্ত্র একটি দল তার গতিরোধ করে। পরে জোরপূর্বক তাকে তুলে নিয়ে পাহাড়ি গভীর এলাকায় চলে যায় অপহরণকারীরা। ঘটনার কিছু সময় পরই পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
একজন জনপ্রতিনিধি অপহৃত হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এই সড়কে ডাকাতি ও অপহরণের মতো ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
ঈদগড় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, এই সড়কের নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই নাজুক। দিনের আলোতেও মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। একজন জনপ্রতিনিধি অপহৃত হওয়া পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরছে। তিনি দ্রুত উদ্ধারের দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, ঈদগাঁও-ঈদগড় সড়কটি এখন কার্যত আতঙ্কের পথে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভয়ের মধ্যে চলাচল করছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অপহরণের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং পরিবার সূত্রে মুক্তিপণ দাবির তথ্য পাওয়া গেছে। অপহৃত সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধারে একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত উদ্ধার করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



