প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:১৩ পিএম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একমাত্র সচল ইউনিটটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে একটি ইউনিট দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ, আর বাকি দুটি ইউনিট দিয়েই এতদিন উৎপাদন চালু ছিল।
কিন্তু সচল ইউনিটটিতেও বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এবার পুরো কেন্দ্রই অচল হয়ে পড়েছে। এর আগে বিভিন্ন সময়ে বয়লার লিকেজ, টারবাইনের সমস্যা ও সেন্সর বিকল হওয়ায় উৎপাদন বন্ধ হয়েছিল বলে জানা গেছে।
বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, পুরনো অবকাঠামো ও নিয়মিত ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যা উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে প্রভাব ফেলতে পারে।



