রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাওড়ে স্বামীর সঙ্গে ডুবে যাওয়া ধান কাটতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৬, ১১:১৪ এএম

হাওড়ে স্বামীর সঙ্গে ডুবে যাওয়া ধান কাটতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

ফাইল ছবি

নেত্রকোনার হাওড়াঞ্চলে ডুবে যাওয়া ফসল কাটতে গিয়ে ঠান্ডাজনিত অসুস্থতায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শ্রমিক সংকটের কারণে পরিবারের সদস্যদের নিয়েই মাঠে নেমেছিলেন কৃষক পরিবারটি।

গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন বেগম (৩৫) ওই গ্রামের মো. জামাল মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যে হাওড়ে ধান কাটছিলেন জামাল মিয়া। শ্রমিক না পাওয়ায় তিনি দুই ছেলেকে নিয়ে কয়েকদিন ধরে ডুবে যাওয়া জমির ধান কাটছিলেন। তাদের কাজে সহায়তা করতে মাঠে নামেন স্ত্রী খোকন বেগমও। কিন্তু অতিবৃষ্টি ও ঠান্ডার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে তিনি মাঠের পাশেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জানান, ডুবে যাওয়া ধান রক্ষার চেষ্টা করতে গিয়ে পরিবারের সবাই মিলে কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী সহায়তার ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!