প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৬:৫৫ পিএম
নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ঈদুল ফিতরের সময় গরু কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বিরোধ ও পরে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা শুরু হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাও ছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে পুরোনো বিরোধ আবারও সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল ও রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মদন, তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম জানান, দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগের বিরোধ নিয়ে তাদের মধ্যে মামলা চলমান রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



