প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:২৬ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদে তালা ভেঙে দানবক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক মসজিদের পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে গভীর রাতে একদল চোর পরিকল্পিতভাবে মসজিদে প্রবেশ করে। প্রথমে তারা ইমামের কক্ষ বাইরে থেকে আটকে দেয়। পরে মসজিদের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে দানবক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম নিজের কক্ষ বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে আজান দিলে ঘটনাটি প্রকাশ পায়।
মো. ইউসুফ নবী জানান, দানবক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



