রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পচা ডিমে কেক, নোংরা শিরায় বান— বেকারিকে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৪:২৩ পিএম

পচা ডিমে কেক, নোংরা শিরায় বান— বেকারিকে জরিমানা

সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বান তৈরির অভিযোগে একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির তৈরি খাদ্যপণ্যে পচা ডিম ব্যবহারের পাশাপাশি অপরিষ্কার ও অনুপযোগী উপকরণ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

সোমবার দুপুরে দত্তেরহাট এলাকার রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আছাদুল ইসলাম।

অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, কেক তৈরির জন্য আগে থেকেই ভেঙে রাখা ডিমের মধ্যে ভালো ডিমের সঙ্গে পচা ডিমও মেশানো হয়েছে। এসব ডিম থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। খাদ্য প্রস্তুতের পুরো প্রক্রিয়াতেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না।

এ ছাড়া প্রতিষ্ঠানটিতে হানিকম্ব নামের একটি বান তৈরির ক্ষেত্রেও অনুপযোগী উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। বান তৈরিতে ব্যবহৃত চিনির শিরা ছিল অপরিষ্কার এবং এতে ময়লা ও অপদ্রব্য মিশে থাকার বিষয়টি অভিযানে ধরা পড়ে।

পরে জব্দ করা পচা ডিম ও অনুপযোগী চিনির শিরা ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে খাদ্য তৈরিতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ উপকরণ ব্যবহারের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্কও করা হয়েছে।

কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!