প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:০০ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলু মিয়া (৭০) এবং তার ছেলে মো. কাবিল (৩২)।
গণমাধ্যমকে জানানো হয়, নিহত দুলু মিয়ার দুই স্ত্রী ছিলেন। দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দুলু মিয়া ও তার দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাদিকুল বল্লম ও ছুরি দিয়ে বাবার ওপর হামলা চালান। ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়।
বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
ঘটনার পর অভিযুক্ত সাদিকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।



