প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৮:৩৫ পিএম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকায় অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।
অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হতো এবং পরবর্তীতে সেগুলো বেশি দামে বিক্রি করা হতো। শনিবার সকালে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তার বাড়িতে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ চাল দেখতে পান। পরে প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়।
তবে অভিযুক্ত আবদুস সামাদ দাবি করেন, তার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নুরানি মাদরাসার সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনে বাড়িতে রেখেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। চাল কেনার বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



