প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:৩৮ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন ঘোষণা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রাহাত উজ জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব মো. দিদার এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব আবুল খায়ের। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ, সেবাগ্রহীতা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ আরাফাত হুসাইন। তিনি ভূমিসেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় অংশ নেওয়া সেবাগ্রহীতারা ভূমিসেবা গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত জনগণের বিভিন্ন ভূমি সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন। এসময় ভিপি লিজগ্রহীতা জনাব বেলাল হোসেনের হাতে ডিসিআর তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে ভূমি অফিসকে আরও কার্যকর ও সেবামুখী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



