শেখ নিয়াজ মোহাম্মদ
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:০৮ পিএম
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা দেওয়া নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার এক অটোচালক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বুধবার (২০ মে) সকালে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।
নিহত মো. মমিন (৩৫) উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার পর পুনরায় টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মমিন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার
একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ স্বজনদের।
অটোচালক মমিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকালে এলাকাবাসী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম সারোয়ার জানান,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহতের পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মাতৃভূমির খবর