রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালেন বোনও

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৫:৩২ পিএম

ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালেন বোনও

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজারের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলো সাবিয়া জান্নাত (৬) ও তার ভাই মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম স্থানীয় বাজারে একটি মুদিদোকান চালান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বজনদের বরাতে জানা যায়, বাড়ির পাশের মাঠে খেলছিল দুই শিশু। সকালে মা নাশতা তৈরিতে ব্যস্ত ছিলেন এবং বাবা দোকানে যান। এ সময় তারা আরেক শিশুর সঙ্গে খেলতে গিয়ে অজান্তেই পুকুরপাড়ে চলে যায়।

পুকুরে ভাসমান একটি প্লাস্টিকের বোতল তুলতে গিয়ে সিয়াম পানিতে নেমে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে নামে বড় বোন সাবিয়া, কিন্তু সেও তলিয়ে যায়।

পরে সঙ্গে থাকা অন্য শিশু বিষয়টি জানালে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানকে হারিয়ে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। স্থানীয় প্রশাসন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!