প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:৩৮ এএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা ও তার শিশুপুত্রকে হত্যার প্রায় দুই বছর পর পুকুর খুঁড়ে তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুরে ভেকু মেশিন দিয়ে খনন চালিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ছিলেন।
সিআইডি জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা ও তার শিশুপুত্রকে হত্যা করা হয়। পরে শুকনো মৌসুমে মরদেহ দুটি বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দিয়ে গুম করা হয়।
দীর্ঘ তদন্তের পর সিআইডি নিহতের দুই সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপুকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুকুরে খনন চালিয়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।
নোয়াখালী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাইছুল ইসলাম জানান, ঘটনার পর আদালতে মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কঙ্কাল উদ্ধারের সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।



