প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৯:৫০ এএম
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বিভিন্ন এলাকায় কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটা এবং অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক্টরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহে পরিচালিত চারটি পৃথক অভিযানে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৭টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
রবিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান তার অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা ট্রাক্টরের মধ্যে ২টি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং বাকি ৫টি কমলনগর থানা হেফাজতে রাখা হয়েছে।

ইউএনওর ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, কমলনগরে মাটিবাহী ও অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক্টর চলাচলের ওপর স্থানীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে কমলনগর-রামগতি আঞ্চলিক সড়কে এ ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে আটক করতে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের ভাষ্য, অনেক জমির মালিক নিজেরাই কৃষিজমির উর্বর টপ সয়েল বিক্রি করছেন। এতে একদিকে কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে অবৈধ মাটি কাটা ও ঝুঁকিপূর্ণভাবে মাটি পরিবহন বন্ধে নিয়মিত অভিযান এবং আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এছাড়া এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে।



