প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:৩৬ পিএম
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি।
বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এনসিপির দাবি, হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।
তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



