প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৩:৪৯ পিএম
সাতক্ষীরার শহরে নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৩ জুন সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার নিজ ঘরের বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে সুলতানপুর এলাকায় শিমুর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তার স্বামীর মৃত্যু হলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে বাবার বাড়ির পাশেই একটি ভাড়া ঘরে বসবাস করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।



