রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:৩৯ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার বাইপাস সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলবার খান সামি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামি পৌর শহরের চকপাড়া এলাকার ইসলাম উদ্দিন খান চঞ্চলের বড় ছেলে এবং নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মোটরসাইকেল নিয়ে বাইপাস সড়কে ঘুরতে বের হন সামি। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!