প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৫৩ পিএম
নেত্রকোনা শহরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বুধবার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদির কাছে অবস্থান করছে। আগুন দেওয়ার পর তিনজনকে সেখান থেকে নেমে যেতে দেখা যায়। একই সময় আশপাশে থাকা কয়েকজনকে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান দিতে শোনা যায়।
ঘটনার খবর পেয়ে সকালে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্মৃতিস্তম্ভের অবস্থা পর্যবেক্ষণ করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছিল। তবে স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



