প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:৫৮ পিএম
ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সুমন ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন।
অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় শ্বশুরবাড়ি থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে আদালতে চুরির মামলা দায়ের করেন।
অন্যদিকে নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে পৃথক মামলা করেন।
বুধবার উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেন। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. সুমনকে এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে করা চুরির মামলায় নাসিমা আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই দিনে পাল্টাপাল্টি মামলায় স্বামী ও স্ত্রী উভয়ের কারাগারে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



