প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৪৮ পিএম
মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ আটক হয়েছেন দবির মোল্যা নামে এক যুবক। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। দবির মোল্যা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মাদক-সংক্রান্ত অভিযোগে দুই দিন আগে দবিরের স্ত্রী তন্বীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, কারাগারে থেকেও তিনি মাদক কারবার চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর মাধ্যমে গাঁজা ভেতরে নেওয়ার চেষ্টা করেন।
জেলা কারাগার সূত্র জানায়, স্ত্রীকে দেখতে কারাগারে আসেন দবির মোল্যা। এ সময় প্রবেশপথে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে তল্লাশি করেন। তল্লাশিতে তার জিন্স প্যান্টের পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করা হয়।
পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।



