প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৬:২৩ পিএম
জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ৯০ বোতল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় জামালপুর–বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি পরিবহনকে থামিয়ে তল্লাশি চালিয়ে মদসহ দুইজনকে আটক করা হয়।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা এলাকার মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানের পর আটক দুজনকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, সীমান্ত ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



