প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১০:৫৭ এএম
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা আদালতের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করলে আনুষ্ঠানিকভাবে মামলার কার্যক্রমের ইতি ঘটে।
জানা যায়, গত ২০ জুন সাইবার নিরাপত্তা আইনের আওতায় মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় অভিযোগ করা হয়, একটি জনসভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে অবমাননাকর ও বিদ্রূপাত্মক মন্তব্য করেন মুফতি ফয়জুল করীম। পরবর্তীতে সেই বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ আনা হয়।
তবে মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, মামলাটি দায়েরের বিষয়ে তিনি পূর্বে অবগত ছিলেন না। কে বা কারা এটি করেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। বিষয়টি জানতে পেরে তিনি বিস্ময় ও অস্বস্তি প্রকাশ করেন।
তিনি আরও জানান, মামলার সংবাদ পাওয়ার পরপরই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিতে নির্দেশ দেন। একই সঙ্গে মামলার বাদীকে মামলা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। পরে বাদী তাতে সম্মতি দিলে আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।
এদিকে মামলার বাদী নিজেকে কুমিল্লা মহানগর যুবদলের একটি ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও পরে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তিনি তাদের কোনো সাংগঠনিক ইউনিটের সদস্য নন।
মামলাটি দায়েরের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হলেও আদালতের আদেশে তা প্রত্যাহার হওয়ায় এ বিতর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।



