প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৫:১২ পিএম
দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামভিত্তিক শাসনব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, অতীতের ভুল সিদ্ধান্ত ও অনুপযুক্ত নেতৃত্বের ওপর আস্থা রাখার কারণেই জাতিকে বারবার হতাশার মুখোমুখি হতে হয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, জুলাইয়ের আন্দোলনের সময় নিজেদের রাজনৈতিক অবস্থান ঝুঁকির মুখে রেখেও তার দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দলের বহু নেতাকর্মী আহত হন বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, আন্দোলনের সময়ই তিনি স্বৈরাচারী শাসনের পতনের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন এবং শেষ পর্যন্ত সেই পতন ঘটেছে। তবে যে উদ্দেশ্য নিয়ে তরুণ সমাজ আন্দোলনে অংশ নিয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বক্তারা বলেন, দেশের সংস্কার কার্যক্রম, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণ-আন্দোলনের চেতনা রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তারা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক সমীকরণের কারণে গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাব বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সৎ, স্বচ্ছ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তারা জুলাই সনদ দ্রুত কার্যকর করা, তা সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।
আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরার পাশাপাশি ইসলামভিত্তিক রাজনীতির প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



