রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২২ দিনেও মিলেনি ফারজানার খোঁজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৩০ পিএম

২২ দিনেও মিলেনি ফারজানার খোঁজ

ছবি: সংগৃহীত

ফেনী জেলার এক প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার নিখোঁজ হওয়ার ২২ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ সময় ধরে খোঁজ না মেলায় পরিবারের সদস্যদের উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় স্বজনরা দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ফারজানা আক্তার ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। ২০১৮ সালে তার বিয়ে হয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা ও দুবাইপ্রবাসী শাহাদাতের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর বেশ কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, গত ৯ জুন শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ফারজানা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পারিবারিক বিরোধ এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জেরে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে তাদের অভিযোগের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।

ফারজানার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, তার মেয়ের নিখোঁজ হওয়ার পেছনে পারিবারিক বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। দ্রুত তাকে উদ্ধার এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ফারজানা নিখোঁজ হওয়ার পরপরই তার স্বামীর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। পরে ফারজানার স্বজনরা থানায় অভিযোগ জানাতে গেলে তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ না করার অভিযোগও তোলেন তারা। পরবর্তীতে স্বামীর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ফারজানার এক স্বজনকে আটক করা হয়েছিল। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে নিখোঁজ ফারজানার সন্ধানে বিভিন্ন স্থানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এদিকে পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফারজানার অবস্থান নিশ্চিত করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত কেউ থাকলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!