রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জে রেকর্ড বৃষ্টি, বাড়ছে বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:৩৯ এএম

সুনামগঞ্জে রেকর্ড বৃষ্টি, বাড়ছে বন্যার শঙ্কা

ফাইল ছবি

পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার বিভিন্ন নদীর পানি আরও বাড়তে শুরু করেছে এবং নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, গত এক দিনে জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হওয়া এই বৃষ্টিপাত চলতি বর্ষা মৌসুমের মধ্যে সর্বোচ্চ।

অতিরিক্ত বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান নদ-নদীগুলোতে পানির উচ্চতা বাড়ছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারি বৃষ্টিপাত হওয়ায় উজানের পানি সুনামগঞ্জের নদীগুলোতে এসে চাপ তৈরি করছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীটির পানি ৭ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে ৪৪ সেন্টিমিটার এবং সেখানে পানি ৮ দশমিক ১৭ মিটার উচ্চতায় রয়েছে।

এ ছাড়া লাউড়েরগড় এলাকায়ও পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। সেখানে এক দিনে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকার নদীর পানি ১১৩ সেন্টিমিটার বেড়ে ৮ দশমিক ৫০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এভাবে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদীর পানির গতিপথ ও বৃষ্টিপাতের পরিমাণ নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

হাওরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীসংলগ্ন এলাকার মানুষের নিরাপত্তার বিষয়েও নজর রাখা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!