রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই আন্দোলন নিয়ে ফেসবুক পোস্ট: চবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৩:৪৬ পিএম

জুলাই আন্দোলন নিয়ে ফেসবুক পোস্ট: চবির সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন 

ছবি: প্রতিনিধি

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রূপ করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনকে। সদস্য হিসেবে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দ্রুত জমা দিতে নির্দেশ দিয়েছে।

এর আগে, গত ৩ জুলাই ড. আবদুল ওয়াহেদ চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পরে ১১ জুলাই ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) অধ্যাপক আবদুল ওয়াহেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে। এর পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!