রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরায় বিয়ের দাবিতে ফের প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৪৩ পিএম

মাগুরায় বিয়ের দাবিতে ফের প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলার একটি গ্রামে বিয়ের দাবিতে দ্বিতীয়বারের মতো প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খবর পেয়ে অভিযুক্ত তরুণ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনরত তরুণী পাশের গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্ত তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণ তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ সময় অন্যত্র আসা একাধিক বিয়ের প্রস্তাবও নানা অজুহাতে ভেঙে যায়। তিনি অভিযোগ করেন, ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করলে সেটিও বাধাগ্রস্ত করার হুমকি দেওয়া হয়েছিল।

তরুণীর ভাষ্য, সম্পর্কের বিষয়ে দুই পরিবারের বাইরে স্থানীয় অনেকেই অবগত। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও বিয়ের বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে তিনি আবারও প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। তার দাবি, বিয়ের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

স্থানীয়দের মতে, চলতি মাসের শুরুতেও একই দাবিতে তিনি ওই বাড়িতে অবস্থান নিয়েছিলেন। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের আশ্বাসে তিনি বাড়ি ফিরে যান। তবে এরপরও সমস্যার কোনো সমাধান না হওয়ায় পুনরায় একই পদক্ষেপ নিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত তরুণের বাড়িতে তালা ঝুলছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় তিনি ও তার মা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

এলাকাবাসীর অনেকে মনে করছেন, বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে না রেখে পারিবারিক, সামাজিক ও আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। এদিকে পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবার মাধ্যমে ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!