রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জে ৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১০:২১ এএম

সুনামগঞ্জে ৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগে চার সন্তানের জনক এক বৃদ্ধকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর শেষ পর্যন্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে আত্মগোপনে চলে যান অভিযুক্ত ব্যক্তি। এতে পরিবার ও সমাজে চরম সংকটে পড়া ওই তরুণী ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তের বাড়িতে আমরণ অনশন শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোগলা ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক ওরফে রেজুর সঙ্গে কাজের সূত্রে পরিচয় হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক তরুণীর। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে অভিযুক্ত তাকে বিয়ের আশ্বাস দেন বলে অভিযোগ রয়েছে। সেই আশ্বাসে বিশ্বাস করে তরুণী তার ভবিষ্যৎ নিয়ে নানা সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগীর দাবি, গত ১৪ জুলাই বিয়ের কথা বলে তাকে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকদিন অবস্থানের পর বিভিন্ন অজুহাতে তাকে আবার ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জানাজানি হলে তারা তাকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এতে দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যান।

এরপর অভিযুক্তের সঙ্গে পুনরায় যোগাযোগ করলে তিনি দোয়ারাবাজারে আসতে বলেন বলে জানান তরুণী। সেই কথায় আস্থা রেখে তিনি আবার সেখানে পৌঁছালেও অভিযুক্ত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন। কোনো উপায় না পেয়ে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং ন্যায়বিচার ও প্রতিশ্রুত বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বক্তব্য পাওয়া যায়নি। তিনি বাড়িতে না থাকায় কিংবা তার সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে তার প্রতিক্রিয়া জানা যায়নি।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!