রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্কুলের খাবারের রুটির ভেতর মিলল ধারালো ব্লেড

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৪:২১ পিএম

স্কুলের খাবারের রুটির ভেতর মিলল ধারালো ব্লেড

সংগৃহীত

মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতর একটি ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিশুদের জন্য সরবরাহ করা খাবারে কীভাবে এমন বিপজ্জনক বস্তু ঢুকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন।

ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম অর্চি গত ৬ আগস্ট বিদ্যালয় থেকে পাওয়া একটি বনরুটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতে ছোট বোনের সঙ্গে রুটিটি ভাগ করে খাওয়ার সময় এর মাঝখানে একটি আস্ত ধারালো ব্লেড দেখতে পায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রুটিটি কাটার সময় ব্লেডটি চোখে পড়ে। বিষয়টি জানার পর তারা সেটি সংরক্ষণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের কাছে অভিযোগ করেন। বিদ্যালয়ের পক্ষ থেকেও ঘটনাটি ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।

শিক্ষার্থীর মা বিলকিস আক্তার লিজা বলেন, সন্তানদের জন্য দেওয়া খাবারের মধ্যে ব্লেড পাওয়ার ঘটনায় তারা আতঙ্কিত। শিশুদের খাবার তৈরির পাশাপাশি প্যাকেটজাত ও সরবরাহের প্রতিটি ধাপে কঠোর নজরদারি প্রয়োজন বলেও তিনি দাবি করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চক্রবর্তী জানান, একজন অভিভাবক রুটিটি বিদ্যালয়ে এনে দেখিয়েছেন। রুটির ভেতরে আস্ত একটি ব্লেড থাকার বিষয়টি দেখে তারাও বিস্মিত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা শিরিন বলেন, ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। পরে বিদ্যালয়ে ফিরে শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান।

খামারপাড়া গুচ্ছের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোমিনুর রহমান জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ঘটনা যাচাই করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামও ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এমন কোনো অভিযোগ তাদের কাছে আগে আসেনি।

রুটির ভেতরে ব্লেড পাওয়ার অভিযোগ সত্য হলে এটি শিশুদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর বিষয়। তাই খাবার প্রস্তুত, প্যাকেটজাতকরণ ও বিদ্যালয়ে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ যথাযথভাবে পরীক্ষা করার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ বের করার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!