রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাঠদানের মাঝেই শ্রেণিকক্ষে মাদরাসাশিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৮:১৫ পিএম

পাঠদানের মাঝেই শ্রেণিকক্ষে মাদরাসাশিক্ষকের মৃত্যু

সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করার সময় অসুস্থ হয়ে এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মধ্য সাগরদি হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাঁর আকস্মিক মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষক কারি ইব্রাহিম দীর্ঘদিন ধরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। প্রায় দুই দশক ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের কোরআন শিক্ষাদানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী শিক্ষকরা জানান, সোমবার সকালে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় শ্রেণিকক্ষের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারি ইব্রাহিম। বিষয়টি বুঝতে পেরে সহকর্মীরা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের ভাষ্য, কর্মজীবনের দীর্ঘ সময় তিনি একই প্রতিষ্ঠানে দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর আচরণ ও দায়িত্বশীলতার জন্য সহকর্মী এবং শিক্ষার্থীদের কাছেও তিনি ছিলেন শ্রদ্ধাভাজন।

মৃত্যুকালে কারি ইব্রাহিম চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

দুপুরে মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাদরাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, কারি ইব্রাহিম দীর্ঘ প্রায় ২০ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তাঁর আকস্মিক চলে যাওয়া মাদরাসার জন্য বড় ক্ষতি। একই সঙ্গে তিনি একজন ভালো মানুষ ও অভিজ্ঞ শিক্ষককে হারানোর কথা উল্লেখ করে শোক প্রকাশ করেন।

মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদও তাঁর মৃত্যুতে গভীর শোক জানান। তিনি কারি ইব্রাহিমকে সৎ, দক্ষ ও দায়িত্ববান শিক্ষক হিসেবে স্মরণ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!