রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জুতা-স্যান্ডেল দেখে সন্দেহ, পুকুরে মিলল ৪ শিশুর লাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১০:৩০ পিএম

জুতা-স্যান্ডেল দেখে সন্দেহ, পুকুরে মিলল ৪ শিশুর লাশ

সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চারজনই স্থানীয় বাসিন্দা এবং একই এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহত শিশুরা হলো—খানপাড়া এলাকার আল আমিনের মেয়ে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) এবং রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দিকে চার শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের কাছে গিয়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা। এতে তাদের সন্দেহ হয় যে, শিশুরা হয়তো পুকুরে নেমেছে।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে চার শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

চার শিশুর মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে সবাইকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল জানান, হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়েছিল।

ঘটনার পর পুরো খানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই এলাকার চার শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় পরিবারগুলোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর শোক ও আহাজারির সৃষ্টি হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!