প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৬:২৪ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজ আদায় করতে মসজিদের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন দুই ব্যক্তি। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়ণপুর চাইল্লাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আবুল হেকিম (৬৫) ও মিফতা মিয়া (৩০)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন আবুল হেকিম ও মিফতা মিয়া। তারা বাইতুল আমান জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ একদল ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরপর কয়েকটি গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিতে আহত হয়ে দুজনই সড়কের ওপর পড়ে যান। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত সেখানে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত আবুল হেকিমের ছেলে মনজুর কামালী জানান, তার বাবা ও মিফতা মিয়া নামাজ পড়তে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর গুলি চালানো হয়। কেন এবং কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে গুলির ঘটনার পর শাহারপাড়া নারায়ণপুর চাইল্লাবন্দ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



