রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রামুতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ যাত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৯:০১ এএম

রামুতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ যাত্রী

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে রামুতে যাত্রীবাহী একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম জ্বালানি স্টেশনের সামনে সড়কে এ ঘটনা ঘটে। বাসটিতে তখন প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বাসের ভেতরে থাকা যাত্রীরা পোড়া গন্ধ পেতে শুরু করেন। একপর্যায়ে তারা বাসের ভেতরে আগুন দেখতে পান। আগুন ছড়িয়ে পড়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে দ্রুত বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন।

এক যাত্রী জানান, আগুন লাগার বিষয়টি প্রথম দিকে চালক বা সহকারীর পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়নি। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। বাসের দরজা দিয়ে সবাইকে বের করে আনা সম্ভব না হওয়ায় স্থানীয়রা কয়েকটি জানালার কাচ ভেঙে দেন। পরে ওই পথ দিয়ে একে একে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।

আরেক যাত্রী জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার থেকে ফিরছিলেন। বাসের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়দের দ্রুত সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে তিনি জানান।

খবর পেয়ে রামু মহাসড়ক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে বাসের যান্ত্রিক ত্রুটি অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর কিছু সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসের নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত যান্ত্রিক পরীক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!