প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০১:৫৫ পিএম
সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে আগামী ২৮ আগস্ট আয়োজনের কথা রয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার। তবে প্রতিযোগিতাটি বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় একটি ‘তৌহিদি জনতা’ গোষ্ঠী। এ নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য উত্তেজনা ও সংঘাত এড়াতে বিষয়টি পর্যবেক্ষণ করছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের তরুণেরা দীর্ঘদিন ধরে সোনাই নদীতে নৌকাবাইচের আয়োজন করে আসছেন। প্রতিবছর এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। অতীতেও আয়োজনটি ঘিরে বড় কোনো বিরোধের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। ‘তৌহিদি জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে একটি পক্ষ নৌকাবাইচ বন্ধের দাবি তুলেছে। সম্প্রতি স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত সভা থেকেও প্রতিযোগিতা বাতিলের আহ্বান জানানো হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকাবাইচের পক্ষে-বিপক্ষে বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, নৌকাবাইচ এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য এবং মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। অন্যদিকে, বিরোধের কারণে অনুষ্ঠানটি ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
এ বিষয়ে লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকাবাইচ আয়োজনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, নৌকাবাইচ ঐতিহ্যবাহী আয়োজন হলেও আয়োজকদের প্রশাসনের অনুমতি নেওয়া উচিত ছিল। পাশাপাশি আয়োজন নিয়ে কোনো বাধা বা সমস্যা তৈরি হলে সেটিও প্রশাসনকে জানানো প্রয়োজন।
পুলিশও বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয় পক্ষগুলোর দাবি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে নির্ধারিত দিনে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।



