প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৯:৩৭ পিএম
লক্ষ্মীপুরে কনের গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহিন রায়পুর নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে দুই পরিবারে যখন আনন্দের প্রস্তুতি চলছিল, তখনই দুর্ঘটনার খবরে সেই আনন্দ পরিণত হয়েছে শোকে।
শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিনের সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিফতাহর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল দুই দিন আগে। বয়স কম হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে সম্পন্ন করা হয় বলে স্বজনেরা জানিয়েছেন। এরপর শনিবার কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। সেখানে বর মাহিনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানজুড়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে ছিল উৎসবের আমেজ। বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা হিসেবে রোববার বৌভাতের আয়োজনের প্রস্তুতিও চলছিল। কিন্তু গায়ে হলুদ শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহিনের মৃত্যু হয়।
নিহতের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, গায়ে হলুদ থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন মাহিন। পরে তার দাফন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
কনের মামা জাহেদুন সোহেল বলেন, শনিবার রাতে ভাগনির গায়ে হলুদ ছিল। বরও অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এতে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কনের বাড়িতে বিয়ের আয়োজনের সব প্রস্তুতি থেমে যায়। রান্নার জন্য আনা হাঁড়ি-পাতিল পড়ে থাকে এলোমেলোভাবে। অতিথিদের বসানোর জন্য আনা চেয়ারগুলোও আর সাজানো হয়নি। যে বাড়িতে কিছুক্ষণ আগেও ছিল হাসি-আনন্দ, সেখানে নেমে আসে নিস্তব্ধতা।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



