প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৯:১১ এএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে দুই দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। বিয়ে না হওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে যাবেন না বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার চণ্ডীপুর এলাকার পাটোয়ারী বাড়িতে গিয়ে অবস্থান নেন ফাতেমা আক্তার নামের ওই তরুণী। তার দাবি, ইমন হোসেন নামের এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাস দিয়েই ইমন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এখন তিনি বিয়েতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।
অনশনরত তরুণীর ভাষ্য, ইমনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আগে থেকেই জানতেন সংশ্লিষ্টরা। তবে সম্পর্কের পর বিয়ের কথা উঠলে ইমন নানা কারণে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তিনি ইমনের বাড়িতে এসে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই তরুণী এর আগেও বিয়ের দাবিতে ইমনের বাড়িতে এসেছিলেন। তখন স্থানীয় লোকজন ও পুলিশ তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তবে এবারও তিনি একই দাবিতে ফিরে এসে বাড়িতে অবস্থান নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তরুণীর বাড়ি ফেনী জেলায় বলে জানা গেলেও তিনি নিজের নির্দিষ্ট ঠিকানা স্পষ্টভাবে জানাচ্ছেন না। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাইয়ের চেষ্টা চলছে। একই সঙ্গে তরুণীর নিরাপত্তা এবং পরিস্থিতি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় না গড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এর আগে ওই তরুণী আরও দুইবার বিয়ের দাবিতে একই বাড়িতে অবস্থান করেছিলেন। তখন তাকে বুঝিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। এবারও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তবে সম্পর্ক ও বিয়ের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



