প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ১১:০৮ এএম
পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের নবগঠিত কমিটি ঘিরে বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। নতুন কমিটির নেতাকর্মীদের আনন্দ মিছিলকে কেন্দ্র করে নবনির্বাচিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলা এলাকা থেকে নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পৌঁছালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নতুন কমিটির সমর্থকদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হলেও পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। কিছু সময় পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে সৈয়দ রিয়াদ, শাকিল জমাদ্দার ও আবদুল ওয়াব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পদ না পাওয়া নেতাকর্মীরা নতুন কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। তারা নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যায়িত করে তা বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। ওই কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
শুক্রবারের সংঘর্ষের পর নতুন কমিটির সভাপতি জাকির আলম মিলন অভিযোগ করেন, জেলা পর্যায়ের একটি অংশের প্রভাবের কারণে তাদের আনন্দ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। তবে পদবঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে সংঘর্ষের পর পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন। এতে করে কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



