রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩২ এএম

আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাত ৮টার পর মাইক ব্যবহার করায় এই জরিমানা করা হয়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের একটি নির্বাচনী পথসভা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধিমালার ১৭(২) ধারা অনুযায়ী রাত ৮টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে সভা চলছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করা হয়। এ সময় পুলিশের একটি দল, ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে মাইক ব্যবহারের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ জানান, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কেউ বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার রাতে আচরণবিধি ভঙ্গের কারণে ১১ দলীয় জোটের সভায় জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!