রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শেষ পর্ব প্রচার, তবু থামছে না ‘দেনা পাওনা’র গল্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:৫৬ পিএম

শেষ পর্ব প্রচার, তবু থামছে না ‘দেনা পাওনা’র গল্প

ছবিঃ সংগৃহীত

মধ্যবিত্ত পরিবারের সুখ–দুঃখ, মান–অভিমান ও সম্পর্কের নানা টানাপোড়েন তুলে ধরা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’–র মূল পর্বের সমাপ্তি ঘটেছে। সোমবার নাটকটির শেষ পর্ব অনলাইনে প্রচার করা হয়েছে। তবে নাটকটি শেষ হলেও দর্শকদের জন্য নতুন সুখবর দিয়েছেন নির্মাতা। আগামী ঈদে সাত পর্বের একটি বিশেষ আয়োজন নিয়ে আবারও পর্দায় ফিরছে এই নাটক।

২০২৪ সালের ২৬ নভেম্বর শুরু হয়েছিল ধারাবাহিকটির যাত্রা। নির্মাতা কে এম সোহাগ রানার রচনা ও পরিচালনায় স্বল্প সময়ের মধ্যেই নাটকটি দর্শকদের ব্যাপক সাড়া পায়। ঘরোয়া আড্ডা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই নাটক।

বিশেষ করে খাইরুল ও নীপা চরিত্রে অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়ার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। পাশাপাশি শওকত মাস্টার চরিত্রে শহীদুজ্জামান সেলিম এবং শহীদ চরিত্রে মুসাফির সৈয়দ বাচ্চুর অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

নাটকটির সমাপ্তি প্রসঙ্গে নির্মাতা কে এম সোহাগ রানা বলেন, ধারাবাহিকটি শেষ হলেও দর্শকদের ভালোবাসা থামেনি। সেই ভালোবাসার টানেই ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আবারও হাজির হওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এই আয়োজন মূল ধারাবাহিকের কাহিনির সরাসরি ধারাবাহিকতা নয়; এতে থাকবে ভিন্ন ধরনের গল্প ও নতুন পরিস্থিতি।

নাটকের কাজ করতে গিয়ে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে এক ধরনের গভীর বন্ধন তৈরি হয়েছিল। শেষ দিনের দৃশ্য ধারণের সময় তাই অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠুসহ অন্যান্য শিল্পীরা এই নাটকের সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করেন।

এই নাটকের মাধ্যমে তাবাচ্ছুম ছোঁয়া নতুনভাবে দর্শকদের নজরে আসেন। অন্যদিকে অ্যালেন শুভ্রর অভিনয়জীবনেও এটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।

দর্শক ও সমালোচকদের মতে, নাটকটির সবচেয়ে বড় শক্তি ছিল এর গল্প। চারপাশের চেনা মানুষ ও বাস্তব জীবনের নানা টানাপোড়েনকে অত্যন্ত জীবন্তভাবে পর্দায় তুলে ধরা হয়েছিল। ফলে অনেক দর্শকই নিজেদের জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পেয়েছেন।

এই ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই শেষ পর্বেও রাখা হয়েছে বিশেষ চমক, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!