প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:১০ এএম
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বলিউডের বড় বাজেটের সিনেমা নির্মাণে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দুবাইয়ের মরুভূমিতে নির্ধারিত শুটিং বাতিল করতে বাধ্য হয়েছেন নির্মাতারা। সুপারস্টার শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা কিং-এর গুরুত্বপূর্ণ দৃশ্য এখন মুম্বাইয়ের একটি স্টুডিওতে ধারণ করা হচ্ছে।
আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা ছিল, যেখানে সুহানা খান ও অনিল কাপুর অংশ নেওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নির্মাতা দল শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও সংশ্লিষ্টরা নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে দীর্ঘদিনের প্রস্তুতির পরও বাতিল করা হয় দুবাইয়ের শুটিং পরিকল্পনা।
বর্তমানে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় একটি স্টুডিওতে কৃত্রিম মরুভূমি তৈরি করে দৃশ্যধারণ চলছে। নির্মাতাদের দাবি, প্রযুক্তির ব্যবহারে দৃশ্যের ব্যাপ্তি বা সৌন্দর্যে কোনো ঘাটতি থাকবে না। বরং ঘরের ভেতরে শুটিং করায় অ্যাকশন ও আলোকসজ্জায় আরও নিখুঁত নিয়ন্ত্রণ সম্ভব হবে।
সিনেমাটির যাত্রা শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে আহত হয়ে কিছুদিন বিরতিতেও ছিলেন শাহরুখ খান। তবে সব বাধা কাটিয়ে আবারও স্বাভাবিক গতিতে কাজ এগিয়ে চলছে।
বড় বাজেট ও চমকপ্রদ আয়োজনের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শাহরুখ ও সুহানার প্রথমবার একসঙ্গে অভিনয় এবং এক রহস্যময় ঘাতকের গল্প—সব মিলিয়ে এটি বছরের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর উৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে।



