প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৩:২৩ পিএম
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত হলেও অতীতের নানা স্মৃতি এখনো ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সম্প্রতি এক আলোচনামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় একটি প্রশংসাপত্র পেয়েছিলেন তিনি।
পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, ২০০৩ সালে ঢাকা সেনানিবাসের একটি সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি দেখেন তারেক রহমান। ছবিটি দেখে মুগ্ধ হয়ে তিনি পূর্ণিমাসহ সংশ্লিষ্ট শিল্পীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।
সে চিঠিতে চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের প্রশংসা করা হয় এবং এমন মানসম্মত চলচ্চিত্র নিয়মিত নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছিল।
পূর্ণিমা বলেন, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় বিষয়টি ভিন্নভাবে ছড়িয়ে পড়ে। তার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন, যা চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলে।
তিনি আরও জানান, তারেক রহমানের এমন আন্তরিকতা ও উৎসাহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করেছিল।



