রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন আমির খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৩:৩৪ পিএম

তৃতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন আমির খান

ফাইল ছবি

বহুদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে এই জুটির। তবে তারকাদের বিয়েতে সাধারণত যে আড়ম্বর ও বিশাল আয়োজন দেখা যায়, সে পথ থেকে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন তারা। পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, তাদের বিয়ে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হবে এবং পুরো আয়োজন ব্যক্তিগত পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জীবনের বর্তমান সময়কে তিনি নিজের অন্যতম সুন্দর অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে গৌরী স্প্র্যাটকে নিজের জীবনের একটি বড় প্রাপ্তি ও আশীর্বাদ বলেও মন্তব্য করেন এই অভিনেতা।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের ব্যাপক আগ্রহ ও আলোচনা নিয়ে কিছুটা বিস্ময়ও প্রকাশ করেছেন আমির। তার মতে, অভিনয়শিল্পী কিংবা ক্রীড়াবিদদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। অথচ তাদের কাজ ও সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়েই মানুষের বেশি আগ্রহী হওয়া উচিত বলে মনে করেন তিনি।

আমির আরও বলেন, কীভাবে তাদের বিয়ের খবর জনসমক্ষে এসেছে, তা তার কাছেও স্পষ্ট নয়। বর্তমান সময়ে ব্যক্তিগত বিষয় গোপন রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

জানা যায়, প্রায় পঁচিশ বছর আগে আমির ও গৌরীর পরিচয় হয়েছিল। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও পরবর্তীতে আবার তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়।

২০২৫ সালের মার্চ মাসে নিজের ষাটতম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও সম্পর্ককে সবসময় ব্যক্তিগত রাখার চেষ্টা করেছেন তারা।

উল্লেখ্য, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে এবং পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন তিনি। অপরদিকে, গৌরী স্প্র্যাটেরও পূর্বের সম্পর্ক থেকে একটি সন্তান রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!