প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:১৮ পিএম
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি আবারও অভিনয়ে ফিরবেন কি না—এ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিভিন্ন সময়ে তার অভিনয়ে ফেরার গুঞ্জন শোনা গেলেও এবার নিজেই এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, নিয়মিতভাবে চলচ্চিত্র, নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে একটি বিশেষ শর্ত পূরণ হলে তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন নির্মাতার কাছ থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন। কিন্তু বর্তমানে তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার পরিবার। স্বামী ও একমাত্র সন্তানকে সময় দেওয়াকেই তিনি নিজের জীবনের প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন। তাই নতুন কোনো বাণিজ্যিক কাজের প্রতি তার আগ্রহ নেই।
তবে নিজের জীবন নিয়ে যদি একটি পূর্ণাঙ্গ জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেক্ষেত্রে অভিনয়ের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, সেই চলচ্চিত্রে তার শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা, ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার পুরো গল্প বাস্তবসম্মত ও নান্দনিকভাবে উপস্থাপন করতে হবে। তিনি মনে করেন, এমন কাজ হতে হবে মানসম্মত ও দর্শকের জন্য স্মরণীয়। শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার জন্য নির্মিত কোনো জীবনভিত্তিক চলচ্চিত্রে তিনি অংশ নিতে চান না।
নিজের সময়ের জনপ্রিয় নায়িকাদের প্রসঙ্গ টেনে পপি বলেন, একসময় দেশের চলচ্চিত্রে একাধিক তারকা নায়িকার শক্তিশালী অবস্থান ছিল। সেই সময়ে তিনিও নিজের অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। তাই যদি কখনো নিজের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়, তবে সেটি যেন মান, গল্প এবং নির্মাণশৈলীতে দৃষ্টান্ত হয়ে থাকে—এমন প্রত্যাশাই তার।
উল্লেখ্য, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পপির। প্রথম চলচ্চিত্র থেকেই তিনি দর্শকদের নজর কাড়েন এবং পরবর্তীতে একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করে দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
অভিনয় জীবনে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এই সম্মান লাভ করেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তিন শতাধিক সম্মাননা ও পুরস্কারেও ভূষিত হয়েছেন এই গুণী অভিনেত্রী।



