রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিরতির অবসান ঘটিয়ে, নতুন যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:০৪ পিএম

বিরতির অবসান ঘটিয়ে, নতুন যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

ফাইল ছবি

বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবারও রুপালি পর্দায় ফিরতে যাচ্ছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে দীর্ঘ সময় কাজের বাইরে থাকা এই অভিনেত্রী নতুন উদ্যমে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আগামী সেপ্টেম্বরে তার নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুবলীর নতুন সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই বুবলী শুটিংয়ে অংশ নেবেন। সেই লক্ষ্যেই আগামী সেপ্টেম্বর থেকে তার অংশের দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে বুবলীর অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তি পেলেও তিনি প্রচারণা বা বিভিন্ন আয়োজনে খুব একটা অংশ নেননি। পরিবারের নতুন সদস্যকে সময় দেওয়া এবং নিজের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ায় তিনি দীর্ঘদিন গণমাধ্যম ও শুটিং থেকে দূরে ছিলেন। তবে এবার নতুন উদ্যমে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি সম্পন্ন করছেন এই অভিনেত্রী।

‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা ও জীবনধারাকে ঘিরে। ছবিতে আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে এবং বুবলী অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষার সংলাপ বলতে হবে, যার জন্য আলাদা প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নির্মাতা জানান, বুবলী আপাতত সন্তান ও পরিবারের প্রতি সময় দিচ্ছেন। তাই তার অংশের দৃশ্যধারণ শুরু হওয়ার আগে ছবির অন্যান্য অংশের কাজ এগিয়ে নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত সময়েই পুরো শুটিং শেষ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, নাম শুনে এটিকে সাধারণ বাণিজ্যিক চলচ্চিত্র মনে হলেও নির্মাণে থাকবে ভিন্ন মাত্রা। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের লক্ষ্য নিয়েই ছবিটি নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহেও এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ বিরতির পর বুবলীর এই প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন চরিত্র, ভিন্নধর্মী গল্প এবং পুরান ঢাকার আবহ নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বুবলীর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে বলেই সংশ্লিষ্টদের প্রত্যাশা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!