প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৪:৫৭ পিএম
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পর এবার কর্মজীবনেও বড় সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক আমির খান। সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি নতুন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছেন। এ ঘোষণাকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান, নির্মাতা কবীর খানের প্রযোজনা সংস্থা এবং অস্ট্রেলিয়ার একটি খ্যাতনামা চলচ্চিত্র প্রতিষ্ঠান যৌথভাবে নতুন এই সিনেমা নির্মাণ করবে। ছবিটির নাম রাখা হয়েছে ‘সিল্কইয়ারা ৪১’। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রের পরিচালনার দায়িত্ব পালন করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান।
চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে ভারতের উত্তরাখণ্ডে সংঘটিত এক আলোচিত উদ্ধার অভিযানকে কেন্দ্র করে। একটি সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে নিরাপদে উদ্ধার করার ঘটনাটি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। সেই মানবিক, সাহসিকতাপূর্ণ ও সংগ্রামী ঘটনাই এবার রূপ নেবে বড়পর্দার গল্পে।
নির্মাতাদের মতে, এটি শুধুমাত্র একটি উদ্ধার অভিযানের বিবরণ নয়; বরং মানুষের অদম্য মনোবল, সংকট মোকাবিলার সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য উদাহরণ। ছবিতে উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকাও তুলে ধরা হবে।
নতুন এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আমির খান বলেন, মানবতা ও সাহসিকতার এমন একটি সত্য ঘটনা দর্শকদের সামনে তুলে ধরতে পেরে তিনি গর্বিত। তিনি মনে করেন, এই চলচ্চিত্র দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক সহযোগিতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
বিয়ের আনন্দের আবহ কাটতে না কাটতেই নতুন চলচ্চিত্র প্রকল্পের ঘোষণায় আমির খানের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়েছে। ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই সময়টা দারুণ উপভোগ করছেন জনপ্রিয় এই তারকা।


